সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সংসদে দেওয়া এক লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গত ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলোর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ডেটাবেইজের তথ্য অনুযায়ী খেলাপি ঋণের মোট পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। একই সঙ্গে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
সংসদে অর্থমন্ত্রী

সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক—এই নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের হার কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে বর্তমান সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কাজ চলছে।

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক তিন ধাপে পরিকল্পনা নিয়েছে। স্বল্পমেয়াদে শ্রেণিকৃত ঋণ নিষ্পত্তির কৌশলগত নির্দেশিকা প্রণয়ন, আন্তর্জাতিক মান অনুসারে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ এবং কৃষিঋণ পুনঃতফসিল নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঋণ আদায়ে সফল কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের উৎসাহিত করার নীতিমালাও পর্যালোচনায় রয়েছে।

মধ্যমেয়াদে ব্যাংক খাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) বাস্তবায়নের মাধ্যমে আর্থিক বিবরণীর স্বচ্ছতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্য নির্ধারণে তালিকাভুক্ত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে একজন গ্রাহক পুরো ব্যাংকিং খাত থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, তার সীমা নির্ধারণ। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে আইনি সংস্কার, অর্থঋণ আদালতের বিচার প্রক্রিয়ায় অভিজ্ঞ ব্যাংকারদের সম্পৃক্ত করার প্রস্তাব এবং রিট আবেদনের মাধ্যমে ঋণ আদায় দীর্ঘসূত্রতায় পড়ার সুযোগ কমানোর উদ্যোগও রয়েছে।

এ ছাড়া খেলাপি ঋণ কিনে ব্যবস্থাপনা ও আদায়ের জন্য বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) গঠনে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়ও সরকারের পরিকল্পনায় রয়েছে। ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর পুনর্গঠন ও কার্যকর সমাধানের জন্য ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’ প্রণয়নের বিষয়ও লিখিত জবাবে উল্লেখ করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে প্রবাসী কল্যাণ ব্যাংকে অতীতের অনিয়ম ও উচ্চ খেলাপি ঋণের বিষয়ে প্রশ্ন উঠলে অর্থমন্ত্রী বলেন, শুধু একটি নয়, একাধিক ব্যাংকের অনিয়ম তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো আর্থিক খাতে একটি ধারাবাহিক সংস্কার কার্যক্রম চলছে। দীর্ঘদিনের সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিয়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সংসদে আরও জানানো হয়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা।

তরুণ উদ্যোক্তাদের সহায়তায় কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতের নতুন উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত থাকলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

এ ছাড়া তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে আলোচনা চলছে এবং ভারতের তিনটি লাইন অব ক্রেডিট চুক্তির আওতায় বর্তমানে সাতটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন