জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় মাদক, চোরাচালান ও কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
১২ জুলাই সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভায় জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এবং জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এবং পৌর প্রশাসক মৌসুমী খানমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান জোরদার করার আহ্বান জানান। একই সাথে শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং কিশোর অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়।
সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
১১৭ বার পড়া হয়েছে