গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আলোচনা সভা ও ২০ জন সফল স্বাস্থ্যকর্মীকে পুরস্কৃত করা হয়। বাল্যবিয়ে রোধ ও পরিবার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তারা দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পরিবারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. রফিকউজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল পারভেজ।
সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি এবং জীবনযাত্রার মানোন্নয়ন সরাসরি জনসংখ্যার ওপর নির্ভরশীল। বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে মাতৃত্ব রোধ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে পুরুষদের অংশগ্রহণ বৃদ্ধি করা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।
আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
১১৪ বার পড়া হয়েছে