শাহবাগে তিন স্থানে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শাহবাগ থানা এলাকায় পৃথক তিনটি ফুটপাত থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পথচারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে রোববার তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাতে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা শাহবাগ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়া দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁদের আনুমানিক বয়স ৫৫ ও ৬০ বছর।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের এলাকা থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া তিনজনই ভবঘুরে ছিলেন। তাঁদের কারও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
১১৫ বার পড়া হয়েছে