রাষ্ট্র সংস্কারের দাবিতে গোমস্তাপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্র সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকা থেকে শনিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মোজাহিদ, কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত এলাকায় নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান। তাঁরা বলেন, গণভোট বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে গোমস্তাপুর ও রহনপুর এলাকার এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
১২৫ বার পড়া হয়েছে