নোয়াখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ পরীক্ষার্থী, দেওয়া হলো না এইচএসসি
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর মাইজদীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই এইচএসসি পরীক্ষার্থী। চক্রটি তাঁদের স্বর্ণালংকার, নগদ টাকা ও পরীক্ষার প্রবেশপত্র লুট করে নেওয়ায় তাঁদের আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে অচেতন অবস্থায় তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের জান্নাতুল নাঈমা ও প্রাহিমা আক্তার শশী। শনিবার সকাল সাড়ে আটটার দিকে সোনাপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা মাইজদী শহরের টাউন হল সংলগ্ন সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
পথিমধ্যে অটোরিকশায় থাকা অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে দুই বান্ধবীকে অচেতন করে ফেলে। এরপর তাঁদের সাথে থাকা সর্বস্ব ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বজনদের খবর দেন।
বর্তমানে তাঁরা চিকিৎসাধীন থাকলেও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড খোয়ানোর কারণে তাঁদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দেওয়া সম্ভব হয়নি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর রাখছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬০ বার পড়া হয়েছে