শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্প খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিল্প খাত ভালো না হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে না। তাই শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, শিল্প খাতের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে। বৈঠকে বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় তাৎক্ষণিকভাবে সমাধান হয়েছে এবং বাকি বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি বলেন, শিল্প খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। তাই ব্যবসা পরিচালনায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করা হয়েছে। অবশিষ্ট সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষ জনশক্তি উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের অংশ হিসেবে নতুন অর্থায়নের উৎস খোঁজা হচ্ছে এবং এ ক্ষেত্রে সৌদি আরবের সহযোগিতার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
নতুন বাজেট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, বাজেট কেমন হয়েছে, সেটি জনগণ ও গণমাধ্যমই মূল্যায়ন করবে।
রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এনবিআর এ লক্ষ্য অর্জনে প্রস্তুত রয়েছে এবং রাজস্ব আদায় সন্তোষজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে রাজস্ব আদায়ে গঠিত টাস্কফোর্স সম্পর্কে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।
১২৮ বার পড়া হয়েছে