ফুলগাজীতে ৫১ লাখ টাকা আত্মসাত: মামলা তদন্তে দুদকের এখতিয়ার নিয়ে প্রশ্ন
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেকের অর্থের অঙ্ক পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা থাকায় মামলাটি তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তরের দাবি উঠেছে।
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ জুলাই তিনজনকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল (বর্তমানে ছাগলনাইয়া কর্মরত), অফিস সহায়ক মো. ফিরোজ এবং অফিস সহায়ক নুর ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি বদলিজনিত কারণে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক ফাহরিয়া ইসলাম উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসাব পর্যালোচনা করেন। এ সময় চেক বইয়ের কাউন্টারফয়েল (মুড়ি) এবং ব্যাংক থেকে উত্তোলন করা অর্থের হিসাবের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে।
পরবর্তী যাচাই-বাছাইয়ে দেখা যায়, ২৬টি চেকের টাকার অঙ্ক ও কথায় লেখা অংশ পরিবর্তন করে অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এভাবে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলগাজী থানায় মামলা করেন। তবে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি এবং সরকারি কর্মচারীদের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় মামলাটি তদন্তের এখতিয়ার নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের একটি পক্ষের দাবি, এ ধরনের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তদন্তের সুযোগ রয়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলার নথিপত্র দুদকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এর আগে যশোর শিক্ষা বোর্ডে চেক জালিয়াতির একটি ঘটনায় ৩৮টি চেকের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকা অতিরিক্ত উত্তোলনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ প্রথমে থানায় মামলা করতে গেলে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে তারা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেয়।
ফুলগাজী উপজেলা পরিষদের ঘটনায়ও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি দুদকের তদন্তের আওতায় আনা হবে কি না, তা নিয়ে এখন সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
১৩৬ বার পড়া হয়েছে