স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় দিতে ‘আমরা নারী’ ও অরোরা হাসপাতালের সমঝোতা
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের নারীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে সংগঠনটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালে বিশেষ করপোরেট সুবিধা ও অগ্রাধিকার পাবেন। রাজধানীর কাকরাইলে অবস্থিত হাসপাতালে এ চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতাল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে হাসপাতালের পক্ষে পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ডা. এন. সাজ্জাদ এবং ‘আমরা নারী’-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর তানজির এইচ এম গাফফার স্বাক্ষর করেন।
নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে নারীস্বাস্থ্য, ক্যানসার সচেতনতা, মাতৃস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রতিরোধমূলক শিক্ষামূলক কর্মসূচি ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করবে। পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন সেমিনার ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু চিকিৎসা দেওয়াই স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য নয়, বরং সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক শিক্ষার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এই চুক্তিটি দেশের নারীদের জন্য একটি কার্যকর স্বাস্থ্য সচেতনতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘আমরা নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান বিপ্লব, উপদেষ্টা জুয়েল চন্দ্র কুরি ও ড. সৈয়দা রুবাইদা কিবরিয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে অরোরা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব, মিরাজুল ইসলাম মিরাজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১৩২ বার পড়া হয়েছে