কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু, উৎপাদন ১৫০ মেগাওয়াট
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য জেলা রাঙামাটিতে টানা ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র—কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ইউনিটগুলো সচল করা হয়েছে। বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট থেকেই একযোগে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ মেগাওয়াট।
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির সংকট কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। দীর্ঘদিন পানি স্বল্পতার কারণে যেখানে মাত্র দুটি ইউনিট সচল রাখা সম্ভব হয়েছিল, সেখানে বর্তমানে সচল করা হয়েছে সবগুলো ইউনিট।
বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যা থেকে কেন্দ্রের ইতিহাসে দীর্ঘ বিরতির পর একসঙ্গে পাঁচটি ইউনিটই চালু করা সম্ভব হয়েছে। ইউনিটগুলো সচল হওয়ার পর থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ এক লাফে ১৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ভারী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর প্রতি মুহূর্তে বাড়ছে। পানি বাড়ার সাথে সাথে উৎপাদন আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকলে উৎপাদন ক্ষমতা পূর্ণমাত্রায় পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
১৩৭ বার পড়া হয়েছে