চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রহনপুর পৌরসভা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। ধৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় ছয়জনকে আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ ভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় ডাকাতদের কাছ থেকে ২৪ ইঞ্চির একটি বোল্ট কাটার, লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের ইমরান হোসেন (২২), কুষ্টিয়ার সাইফুল মণ্ডল (৪০) এবং পাবনা জেলার মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন জেলায় অতীতেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে