জামালপুরে আইনজীবীর কার্যালয়ে অভিযান, উদ্ধার দেশীয় অস্ত্র-গুলি ও ককটেল
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চালানো এ অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান, নাইন এমএম পিস্তলের চারটি গুলি, শর্টগানের চারটি গুলি, ছয়টি ককটেল, দুটি পেট্রোল বোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযানের সময় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না এবং কাউকে আটক করা হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ কামরুল হাসান মনি নিষিদ্ধ ঘোষিত ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সরকারি আইন কর্মকর্তা।
২০১ বার পড়া হয়েছে