রোয়াংছড়িতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাথরবোঝাই একটি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিমিতা তঞ্চঙ্গ্যা নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে রোয়াংছড়ি থানার সামনে আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমিতা তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর ছামছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামুক ঝিরি পুনর্বাসন পাড়ার বাসিন্দা নিরজয় তঞ্চঙ্গ্যার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিরজয় তঞ্চঙ্গ্যা তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রোয়াংছড়ি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রোয়াংছড়ি থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য, সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিরজয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে থাকা শিশু রিমিতা ছিটকে সড়কে পড়ে যায়। পরে ট্রাকের চাকা শিশুটির ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল রোয়াংছড়ি থানার কাছাকাছি হওয়ায় পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে। আটক চালকের নাম ফোরকান (৪৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ রনমহল গ্রামের নবী হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, পাথরবোঝাই ওই ড্রাম ট্রাকটি বান্দরবান সদর থেকে রুমা উপজেলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড়ি এলাকার সরু ও বাঁকানো সড়কে অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাঁরা জননিরাপত্তার স্বার্থে এসব সড়কে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
১১৭ বার পড়া হয়েছে