কিশোরগঞ্জে ন্যায্যমূল্য দাবিতে পোল্ট্রি খামারিদের মানববন্ধন, ডিম ভেঙে প্রতিবাদ
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য দাম নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পোল্ট্রি ডিলার এসোসিয়েশন। এ সময় ক্ষুব্ধ খামারিরা মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
সোমবার (৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি খামারিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের প্রভাবে খামারিরা ডিম ও মুরগির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উৎপাদন ব্যয় বাড়লেও বিক্রয়মূল্য সেই অনুপাতে না বাড়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
পরে প্রতিবাদ হিসেবে কয়েকশত ডিম ভেঙে মহাসড়কে বিক্ষোভ করেন খামারিরা। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর সাহা বলেন, খামারিদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে পোল্ট্রি খাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তিনি।
এছাড়া সংগঠনের অন্যান্য নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে খামারিরা তাদের দাবিসমূহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আকারে প্রদান করেন।
২০১ বার পড়া হয়েছে