ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫০ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন। বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ।
রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করে। পরে বেনাপোল চেকপোস্টে বিজিবি তাঁদের গ্রহণ করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাঁরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।
ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ ব্যবহার করে তাঁরা ভারতের তামিলনাড়ুতে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, পোশাক কারখানা ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাঁদের দুই থেকে তিন বছরের কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, সাজা শেষ হওয়ার পর ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাঁদের কারাগার থেকে মুক্ত করে শেল্টার হোমে রাখে। পরে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরতে সক্ষম হন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৫০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, তাঁদের সংস্থা ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ করে প্রথমে যশোরের শেল্টার হোমে রাখবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১৬ বার পড়া হয়েছে