রাজারহাট-আনন্দবাজার সড়ক সংস্কারে ঢিলেমি: ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজের দাবিতে গণবিক্ষোভ
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়ক সংস্কার কাজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলার প্রতিবাদে এবং দ্রুত কাজ শেষের দাবিতে রোববার সোনালী ব্যাংক চত্বরে এক বিশাল মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত বিস্তৃত এই ১২ কিলোমিটার সড়কটি ওই অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের এই বৃহৎ সংস্কার কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চুক্তি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলায় তা থমকে আছে। দীর্ঘ দেড় বছর ধরে রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় বর্তমানে এটি চরম জনদুর্ভোগ ও মরণফাঁদে পরিণত হয়েছে।
রোববার বেলা ১১টায় ‘রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি’ রাজারহাট উপজেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ঠিকাদার ‘খায়রুল কবির রানা’ কাজের চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ তো করেনইনি, উল্টো সড়কটি খুঁড়ে রেখে জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। অবিলম্বে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
১১৩ বার পড়া হয়েছে