কুষ্টিয়ায় নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বাবা বাদী হয়ে পুত্রবধূসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. সহিদুল ইসলাম সরকারের ছেলে মো. মনিরুল ইসলাম মনি সরকার দীর্ঘ দিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রায় ছয় বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক মোছা. সোরভী আক্তারের সঙ্গে মনিরুলের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, স্বামী বিদেশে থাকার সুযোগে সোরভী আক্তার বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। গত ১৭ জুন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় তিনি স্বামীর উপার্জিত গচ্ছিত ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার সঙ্গে করে নিয়ে যান বলে শ্বশুরের দাবি।
ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজনদের সাথে আলোচনা করে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এই মামলায় সোরভী ছাড়াও তার মা শিউলী খাতুন এবং বাবা আনারুল ইসলামসহ আরও একজনকে বিবাদী করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩০ বার পড়া হয়েছে