ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে ঐক্যবদ্ধের আহ্বান
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ, ভোলায় সেতু নির্মাণ এবং শিল্পায়নের স্বার্থে গ্যাস সংযোগ নিশ্চিত করতে সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বরিশাল অঞ্চলের সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে শনিবার দুপুরে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবি জাতীয় সংসদে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও সংসদে উল্লেখ করা হয়েছে।
সরোয়ার জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের ১৮ জন বিএনপির সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তুতি চলছে। তিনি বলেন, অতীতেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলা হয়েছিল।
জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ছাত্ররাজনীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে সরোয়ার বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকর না থাকায় নতুন নেতৃত্ব তৈরির সুযোগ সীমিত হয়ে পড়ছে। তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এনসিপি প্রসঙ্গেও তিনি রাজনৈতিক মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, যে–ই রাজনীতি করুক, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সরোয়ার আরও বলেন, দেশের উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর বরিশাল থেকেই পরিচালনা এবং বিভিন্ন বিভাগীয় দপ্তর বরিশালে স্থাপনের দাবি জানান।
অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ইসরাইল পণ্ডিত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদসহ সাংবাদিক ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
১১৯ বার পড়া হয়েছে