কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ধসে সড়ক বিলীন, চরম দুর্ভোগে ৫০০ পরিবার
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর তীব্র স্রোতে একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ধসে পড়েছে এবং প্রায় ৫০ ফুট সড়ক ভেঙে বিশাল নালার সৃষ্টি হয়েছে। এর ফলে চর গোরকমন্ডল এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিগত পাঁচ দিন ধরে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে গত ২৯ জুন গভীর রাতে এই আকস্মিক ভাঙন দেখা দেয়। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকার আনন্দবাজার সংলগ্ন প্রধান সড়কটির এই বেহাল দশায় থমকে গেছে স্থানীয় জনজীবন। সড়কটি ভেঙে যাওয়ায় যাতায়াতের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয়দের, যার ফলে খরচ ও সময় দুটোই বেড়েছে কয়েক গুণ।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা ধরলা নদীর তীরে একটি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সামান্য বৃষ্টি ও ঢলের স্রোতেই কালভার্টসহ সড়কটি বিলীন হয়ে গেছে। বর্তমানে নারী, শিশু ও শিক্ষার্থীরা বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে কোমরসমান পানি মাড়িয়ে চলাচল করছেন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী জানান, কালভার্ট ও রাস্তা ধসে পড়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। জনগণের যাতায়াত সচল করতে দ্রুত একটি বিকল্প সড়ক ও সেখানে স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান তিনি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার জানান, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনদুর্ভোগ লাঘবে আপাতত একটি বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে