সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা, কুখ্যাত ‘টাকু ফরিদ’সহ আটক ৪
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় চার শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার ভোরে মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত শিকারি ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ ও তার সহযোগীদের ফাঁদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার তথ্য অনুযায়ী, বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় একদল শিকারি হরিণ শিকারের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বন বিভাগের বিশেষ টহল দল দ্রুত অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিকারিরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের ফরিদ হাওলাদার (৪৫), আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং রুহুল জমাদ্দার (৩৫)। বন কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ দীর্ঘ দিন ধরে সুন্দরবনের গহীনে হরিণ শিকারের সঙ্গে জড়িত ছিলেন।
দীর্ঘ নজরদারির পর অবশেষে এই চক্রটিকে দমন করতে পেরেছে বন বিভাগ। আটককৃত শিকারিদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার তাদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন কর্তৃপক্ষ।
১১১ বার পড়া হয়েছে