থানচিতে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একনলা বন্দুক, কার্তুজ ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।
শনিবার (৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকরপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জৌথান বম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি শেরকরপাড়ার বাসিন্দা এবং লালপিয়ান বমের ছেলে বলে জানা গেছে।
অভিযানকালে তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ৫৭ রাউন্ড কার্তুজ, একটি ওয়্যারলেস সেট এবং একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে থানচি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে থানচির দুর্গম এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শেরকরপাড়া এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি দাবি করেন, জৌথান বম দীর্ঘদিন ধরে কেএনএফের সহযোগী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হলেও তিনি তা মানেননি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন কেএনএফ সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে