ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে ২ বাসের সংঘর্ষ, আহত ২০
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে স্বাভাবিক হয় যান চলাচল।
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস এবং মাগুরাগামী আপন পরিবহনের একটি বাস করিমপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা, কোতোয়ালি থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
১১৪ বার পড়া হয়েছে