অটোরিকশা ও ভ্যানের টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবরোধ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকেরা। এতে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানকে টোলমুক্ত ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকেরা।
আজ বৃহস্পতিবার বিকেলে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে তাঁরা এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকিসহ শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় অযৌক্তিক। তাঁদের দাবি, অবিলম্বে এই টোল আদায় বন্ধ করে যানবাহনগুলোকে টোলমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা সতর্ক করেন।
এর আগে বুধবারও একই দাবিতে একই স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে সন্ধ্যার দিকে সেই কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নামেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকেরা।
১১৬ বার পড়া হয়েছে