কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি ২৭ হাজার শিক্ষার্থী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী।তবে শেষ পর্যন্ত ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫ হাজার ৮৯ জন। ফলে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষার বাইরে থেকে গেছে। শিক্ষা বোর্ড বলছে, অর্থনৈতিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে আয়-রোজগারে যুক্ত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ১ লাখ ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৯৫ হাজার ৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অর্থাৎ প্রায় ২৭ হাজার শিক্ষার্থী ফরম পূরণ করেনি কিংবা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়নি। এই সংখ্যা শিক্ষা বোর্ডের জন্য উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৩২৪ জন ছাত্রী এবং ৩৭ হাজার ৭৬৫ জন ছাত্র। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২০ হাজার ১৬৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক শিক্ষার্থী পরিবারের আর্থিক দায়িত্ব নিতে পড়াশোনার পাশাপাশি বা পরিবর্তে আয়-রোজগারে যুক্ত হচ্ছে। নিবন্ধনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার এটিই অন্যতম প্রধান কারণ বলে তিনি উল্লেখ করেন।
এবার কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর—এই ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৮ হাজার ৪৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ২৩ হাজার ৯৮ জন।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায়। জেলার ১৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮টি কেন্দ্রে ৩৩ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরপর নোয়াখালীতে ১৭ হাজার ৯০৫ জন, চাঁদপুরে ১৩ হাজার ৭৯৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ হাজার ৪৮ জন, লক্ষ্মীপুরে ৯ হাজার ৮০ জন এবং সবচেয়ে কম ফেনী জেলায় ৮ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর আশপাশে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বোর্ড থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়।
তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় প্রতিটি কেন্দ্রে মোমবাতি, চার্জলাইট এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বোর্ড চেয়ারম্যান আহসান পারভেজ বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও অনিয়মমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
১১৬ বার পড়া হয়েছে