ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু প্রায় ২ হাজার, ধ্বংস ৫৯ হাজার ভবন
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫৯ হাজার ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও সরকারি সূত্র।
ভেনেজুয়েলা সরকার মঙ্গলবার সন্ধ্যায় জানায়, ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাত দিয়ে জানানো হয়, আহতের সংখ্যা ৫ হাজার ৩৪ জনেরও বেশি। তবে প্রাথমিকভাবে কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল।
ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম ধীরগতিতে চলায় প্রায় এক সপ্তাহেও অনেক এলাকায় উদ্ধারকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস। ভূমিকম্পের পরপরই বহু ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ধসে পড়া ভবনের চারপাশে স্বজনরা প্রিয়জনদের খোঁজে দিনরাত অপেক্ষা করছেন।
একজন স্বজন মিরেল্লা হেরেরা বলেন, তার ছেলে যেখানে ছিল সেই ধসে পড়া ভবনের পাশে তিনি শুরু থেকেই অপেক্ষা করছেন। তিনি জানান, অনিশ্চয়তার এই অপেক্ষা মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক।
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা সেনটিনেল-১ স্যাটেলাইটের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের মতে, এটি একটি প্রাথমিক মূল্যায়ন, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।
১১৬ বার পড়া হয়েছে