রাজস্ব আদায় বাড়ানোই মূল কাজ: এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বুধবার, ১ জুলাই, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাষ্ট্র ও অর্থনীতিকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে লক্ষ্য পূরণ করাই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে কাস্টমস ও ইনকাম ট্যাক্স বিভাগের মধ্যে সমন্বয় ঘটিয়ে এনবিআরকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে বিভিন্ন উইংয়ের সদস্য, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মিলিত হন নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে রাজস্ব বোর্ডের ভূমিকা অপরিসীম। যেকোনো মূল্যে রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করাই এখন কর্মকর্তাদের প্রতিদিনের রুটিন কাজ হওয়া উচিত। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না।
এনবিআরের অভ্যন্তরীণ ঐক্য এবং কাস্টমস ও আয়কর বিভাগের মধ্যকার সমন্বয়ের ওপর বিশেষ জোর দিয়ে আহসান হাবিব বলেন, কোনো নির্দিষ্ট বিভাগের পক্ষপাতী না হয়ে তিনি গোটা এনবিআরকে একটি সমন্বিত ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। একটি বিভাগ দুর্বল হলে পুরো ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এনবিআরের একক লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।
১৩৬ বার পড়া হয়েছে