রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের ঘোষণায় সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর করা, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ দশমিক ৫ কিলোমিটার মিনি ম্যারাথন ‘রান ফর পদ্মা (সেভ দ্য গ্যাঞ্জেস)’। এ উপলক্ষে মঙ্গলবার নগরীর পদ্মা গার্ডেনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় রাজশাহী নগরীর পদ্মা গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রান ফর পদ্মা (সেভ দ্য গ্যাঞ্জেস)’ শীর্ষক ৭ দশমিক ৫ কিলোমিটার মিনি ম্যারাথনের উদ্দেশ্য, রুট ম্যাপ এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীর নাব্যতা হ্রাস, দখল এবং দূষণের কারণে দেশের নদী ব্যবস্থাপনা আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাও সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
তাদের মতে, নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং এ আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকেরা নদী সংরক্ষণ আন্দোলনে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, ‘রান ফর পদ্মা (সেভ দ্য গ্যাঞ্জেস)’ কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’—এই প্রত্যয় আরও শক্তিশালী হবে।
১১৫ বার পড়া হয়েছে