কোটালীপাড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ট (বিওয়াইএফসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের কুফল এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার। এছাড়া বিওয়াইএফসি-এর এইচআর এডমিন টমাস বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস এবং রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা সভায় নিজেদের বক্তব্য তুলে ধরেন।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরাসরি মাদক উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও ভৌগোলিক ও অন্যান্য কারণে এ দেশের তরুণ সমাজ মাদকের ভয়াবহ থাবার শিকার হচ্ছে। তারা জোর দিয়ে বলেন, কেবল মাদকসেবীদের শাস্তি দিয়ে বা আইন প্রয়োগ করে এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সবার আগে প্রতিটি পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।
১১৫ বার পড়া হয়েছে