ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল বান্দরবান জেলা প্রশাসন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
পারিবারিক আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝরে পড়া বান্দরবানের আট শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি শিক্ষাজীবন সফলভাবে শেষ করতে পারলে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সানিউল ফেরদৌস।
সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগে সহযোগিতা করছে জেলা সমাজসেবা অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’। ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেয় প্রতিষ্ঠান দুটি।
এ সময় ‘গ্রাউস’-এর পক্ষ থেকে আটজন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুনরায় শিক্ষাজীবনে ফিরে আসার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সহায়তা নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে পড়াশোনা সম্পন্ন করলে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আর্থিকভাবে অসচ্ছল আরও অনেক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাজীবনে ফিরে আসতে উৎসাহিত করবে।
১১৮ বার পড়া হয়েছে