ময়মনসিংহে নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে উদ্ধার শিশুর মরদেহ
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে নিখোঁজের দীর্ঘ আট দিন পর সাউমী সাবা (৬) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর বয়রা সমাধানের মোড় এলাকার একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গত ২১ জুন বৃষ্টিতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাউমী সাবা ময়মনসিংহ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকার স্বপন ফকিরের মেয়ে। সে স্থানীয় বয়রা ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ২১ জুন স্কুল থেকে ফেরার পর দুপুরে দুই প্রতিবেশী শিশুর সাথে বৃষ্টির মধ্যে খেলতে বের হয় সাউমী। এরপর অন্য শিশুরা ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি।
মেয়ের সন্ধান না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কোথাও খোঁজ না পেয়ে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের আট দিন পর সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় এক ব্যক্তি ডোবার কালভার্টের নিচে বরশি দিয়ে মাছ ধরার সময় একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন।
খবর পেয়ে সাউমীর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের সময় পরনে থাকা জিন্স প্যান্ট দেখে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টিতে ভেজার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
১২৮ বার পড়া হয়েছে