নড়াইলে ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে হুসাইন (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুতা কেটে যাওয়া ঘুড়ির পেছনে ছুটতে গিয়ে বিলের নরম কাদা মাটিতে আটকে তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের গলায় ঘুড়ির সুতা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে। নিহত হুসাইন স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র এবং মালয়েশিয়া প্রবাসী সাবু শেখের ছেলে। একমাত্র ছেলের অকালমৃত্যুর খবর পেয়ে প্রবাস থেকে তড়িঘড়ি দেশে ছুটে এসেছেন তার শোকগ্রস্ত বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল হুসাইন। খেলা শেষে সে স্থানীয় একটি দোকান থেকে কিছু খাবার কিনে একাই বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। ওড়ানোর একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে ছুটতে শুরু করে সে। পরে অন্য বন্ধুরা শাপলা তুলতে গিয়ে বিলের নরম মাটিতে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দিবাকর সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের গলায় ঘুড়ির সুতা পেঁচানো ছিল এবং শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, নির্জন বিলে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অলৌকিক নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
১১৮ বার পড়া হয়েছে