নরসিংদীতে কুকুর নিধনে নৃশংসতা: এবার সহযোগী নারী গ্রেপ্তার
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে হত্যার ঘটনায় সহযোগী নারী শাহিনারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই নিষ্ঠুরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার পর পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত শাহিনারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী পৌরসভার কামারগাঁও এলাকার বাসিন্দা আব্দুল আজিজের স্ত্রী। এর আগে এই পৈশাচিক ঘটনার মূল হোতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
মামলার বিবরণী অনুযায়ী, গত বুধবার সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে একটি জ্যান্ত কুকুরের গলায় দড়ি ও ভারী ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। ছটফট করতে করতে নিরীহ প্রাণীটির মৃত্যুর এই নৃশংস ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তীব্র নিন্দার ঝড় ওঠে। পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পরই তৎপরতা শুরু হয়। মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর ভিডিওতে থাকা অজ্ঞাতনামা নারী হিসেবে শাহিনারাকে শনাক্ত করা হয় এবং বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, নিরীহ প্রাণীটির ওপর এমন বর্বর আচরণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আসে। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, এই নিষ্ঠুরতায় জড়িত অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১২০ বার পড়া হয়েছে