জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের করুণ মৃত্যু
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার পর সোমনাথ পাড়ার জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে জয়নাল আবেদীন গত শুক্রবার সকালে গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যান। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি।
স্বজনরা রাতে পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার সকালে আবারও তল্লাশি শুরু করলে সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা বন্য হাতির দল প্রায়ই সীমান্ত এলাকায় তাণ্ডব চালায়। ধারণা করা হচ্ছে, রাতে তেমনই এক বন্য হাতির আক্রমণের শিকার হয়ে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৩ বার পড়া হয়েছে