বান্দরবানে মাদকবিরোধী মানববন্ধন: মাদককে ‘না’ বলার আহ্বান
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বান্দরবানে মানববন্ধন করেছে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভা। বক্তারা বলেছেন, শুধু নিজে মাদক থেকে দূরে থাকলেই হবে না, পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‘নিজে, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ-সুন্দর রাখতে হলে মাদককে না বলতে হবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভা।
মানববন্ধনে ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, লেখক, মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের ভয়াবহ প্রভাবে পরিবার ভেঙে যাচ্ছে এবং সমাজ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।
তারা আরও বলেন, শুধু ব্যক্তিগতভাবে মাদক থেকে দূরে থাকাই যথেষ্ট নয়; পরিবার, বন্ধু ও সমাজের অন্য সদস্যদেরও সচেতন করতে হবে। দেশের বর্তমান মাদক পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা জানান, দেশে বর্তমানে মাদক-সংক্রান্ত মামলার সংখ্যা প্রায় ৮২ হাজার। এ পরিস্থিতি মোকাবিলায় মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকা প্রয়োজন।
কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।
প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান জেলার সভাপতি অং চ মং মারমা, নারী নেত্রী উসিংম্যা মারমা ও কৃপা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিল রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্য শোয়েনু নেভী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং কোকাচরন বাহাদুরসহ অন্যরা।
১১২ বার পড়া হয়েছে