সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামিদ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সকালে প্রথমে রাসেল গ্রুপের সমর্থকেরা হামিদ গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
পরে খবর পেয়ে হামিদ গ্রুপের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও ওঠে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪৮ বার পড়া হয়েছে