‘শুধু গ্রেপ্তার নয়, মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন’: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কেবল আইনি পদক্ষেপ বা গ্রেপ্তার যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, মাদক চোরাচালান ও এর অপব্যবহার রোধে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বর্তমানে জাতীয় সংসদে এ সংক্রান্ত নতুন আইনের চূড়ান্ত খসড়া পাসের প্রক্রিয়া চলছে। তবে কেবল কঠোর আইন প্রয়োগ করে এই ব্যাধি নির্মূল সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন। তিনি যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট ফরিদ রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
২৩৩ বার পড়া হয়েছে