সাতক্ষীরায় পিআইবি’র কর্মশালা শেষ: গুজব ও অপতথ্য রুখে দেওয়ার প্রত্যয়
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমাপনীতে সাংবাদিকরা গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্থানীয় সাংবাদিকদের দক্ষ করে তুলতেই মূলত এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ উভয়ই বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ এবং প্রশিক্ষক জুলহাস কবীর। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন তাঁর বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মাল্টিমিডিয়া বিশ্বজুড়ে সাংবাদিকতার ধারাকে বদলে দিচ্ছে। মফস্বল পর্যায়ের সংবাদকর্মীরা যাতে বৈশ্বিক এই অগ্রযাত্রায় পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই পিআইবি এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে।
উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলার বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক দুই ভাগে বিভক্ত হয়ে এই কর্মশালায় অংশ নেন। তিন দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বাস্তবমুখী কৌশল ও প্রযুক্তিগত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
১১৭ বার পড়া হয়েছে