রাজশাহীতে ডিবির অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী ও বাঘা উপজেলায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল অবৈধ এসকাফ, ৬৮ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে।
গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে তল্লাশি চালান। রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনের ডিকি থেকে তিনটি কার্টনের ভেতর ৪৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ী চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে মো. কাওসার আলী (২১)।
একই রাতে বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া এলাকায় আরেকটি অভিযানে এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ একটি আমবাগানে অভিযান চালান। এ সময় ৬৮ পিস ইয়াবাসহ মো. শাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ছয়জন মাদক ব্যবসায়ীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা কৌশলে পালিয়ে যায়। পলাতকরা হলেন সোহান, বুদু, শিমুল, পলাশ, সাগর ও রাসেল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গোদাগাড়ী ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১০৬ বার পড়া হয়েছে