সরিষাবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীর মাগুরিয়াপাড়া গ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে সরিষাবাড়ীর মাগুরিয়াপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কন্যা শিশুর বাবা আরিফ হোসেন, মা মজিদা বেগম, দাদা জিয়ার আলী, দাদী নাজমা বেগমসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা একই গ্রামের আকন্দ বাড়ির বাসিন্দা গিয়াস উদ্দিন টগার বিরুদ্ধে আনা শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পক্ষ ভুক্তভোগী পরিবারের ওপর মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল এ পরিস্থিতিতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে।
এর আগে একটি বিক্ষোভ মিছিল মাগুরিয়াপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ২০ জুন শনিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়ির একটি নির্জন ঘরে কন্যা শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও তার দাদী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে জানানো হয়।
ঘটনার পর সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গিয়াস উদ্দিন টগাকে আটক করে আদালতে সোপর্দ করে। তবে এরপর থেকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে শিশুটি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করা হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে