কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সীমান্ত মিয়াকে (১৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত অপু সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সীমান্ত মিয়া একই গ্রামের মাহবুব আলমের ছেলে এবং নিহত অপুর ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সীমান্ত মিয়ার একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় তিনি অপুকে সন্দেহ করেন। বিষয়টি নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে সেখানে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
এরপরও সীমান্ত মিয়া অপুকে সন্দেহ করতে থাকেন। মঙ্গলবার দুপুরে সাঁতারপুর গ্রামের একটি সেতুর কাছে দুজনের মধ্যে মোবাইল ফোন হারানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় অপু ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সীমান্তকে আটক করেন এবং আহত অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৪৫ বার পড়া হয়েছে