শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে সাড়ে ১৭ লাখ টাকা, মিলেছে স্বর্ণও
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে চার দিনে জমা হওয়া ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া গেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়, যা প্রায় ৭০০ বছরের ইতিহাসে স্বচ্ছতা প্রতিষ্ঠার নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ছয়টি দানবাক্স ও তিনটি ডেগচি খুলে ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া গেছে। সোমবার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে প্রকাশ্যে এসব দানবাক্স খোলা হয়।
মাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাত্র চার দিনের ব্যবধানে ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া এই অর্থ জমা হয়েছে। পরে হযরত শাহজালাল (রহ.) মাদরাসার ৩৬ জন স্বেচ্ছাসেবক দীর্ঘ সময় ধরে টাকা গণনার কাজ সম্পন্ন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি মাজারের দান ও সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসনের অধীনে আসার পর আয়-ব্যয়ের হিসাব আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়।
ঐতিহাসিকভাবে প্রায় ৭০০ বছর ধরে হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্তদের দেওয়া নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী খাদেমদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। তবে নতুন ব্যবস্থাপনায় দানের অর্থের হিসাব প্রকাশ্যে আনা এবং সুষ্ঠুভাবে সংরক্ষণের উদ্যোগকে স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১২২ বার পড়া হয়েছে