জয়পুরহাটে চাকরি মেলা, তরুণদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
সোমবার, ২২ জুন, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সরাসরি সংযোগ গড়ে তুলতে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে জাকস ফাউন্ডেশন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকার ও তাৎক্ষণিক নিয়োগ কার্যক্রম তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে জাকস ফাউন্ডেশন। সোমবার শহরের সবুজনগর মহল্লায় সংগঠনটির প্রধান কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, অনানুষ্ঠানিক খাতের যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনই ছিল মেলার মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর, এহেড সোশ্যাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম বাদশা এবং মুর্তজা আক্তার বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন।
চাকরি মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। মেলার বিভিন্ন স্টলে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাই করে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক নিয়োগের সুযোগও দেওয়া হয়।
আয়োজকদের দাবি, এমন উদ্যোগ চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য বাস্তব কর্মসংস্থানের পথ তৈরি করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করবে।
১১৫ বার পড়া হয়েছে