সেলাই মেশিন পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন শিবপুরের ৩০ নারী
সোমবার, ২২ জুন, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর উপজেলার ৩০ জন অসচ্ছল নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। তাঁদের আশা, এই সুযোগ কাজে লাগিয়ে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। বসুন্ধরা গ্রুপের সহায়তা ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তাঁদের হাতে সেলাই মেশিন, সনদপত্র, গাছের চারা ও বই তুলে দেওয়া হয়েছে।
স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, বরং নতুন করে জীবন গড়ার সম্ভাবনা। তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলা এই নারী এখন আয় করার নতুন সুযোগ পেয়েছেন। তাঁর মতো শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ২৯ জন নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন হাতে পেয়েছেন।
গত শনিবার শিবপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির। প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।
সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগী সানজিদা আক্তার। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা সেলাই কাজে দক্ষতা অর্জন করেছেন। এখন মেশিন হাতে পাওয়ার ফলে ঘরে বসেই কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে। এতে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিন তাঁদের আয়মুখী কাজে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গাছের চারাও বিতরণ করা হয়েছে।
ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন প্রদান তাঁদের আত্মকর্মসংস্থানের পথকে আরও সুগম করবে।
প্রধান অতিথি মনজুর এলাহী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার এমন উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক উদাহরণ। সেলাই মেশিনের মাধ্যমে তাঁরা আয় করতে পারবেন এবং পরিবারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১২২ বার পড়া হয়েছে