পাখতুনখওয়ায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭
রবিবার, ২১ জুন, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় রাস্তার পাশে পেতে রাখা দুটি পৃথক বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
পাকিস্তান পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, শনিবার এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটে একটি গাড়িকে লক্ষ্য করে। ওই বিস্ফোরণের পর উদ্ধার অভিযান চলাকালে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে পাঁচজন নিহত হন এবং দ্বিতীয় বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।
এদিকে বান্নু জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক্সে দেওয়া এক পোস্টে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ‘অভ্যন্তরীণ ও বাহ্যিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক’কে সতর্ক থাকতে হবে।
১১৮ বার পড়া হয়েছে