শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ১
রবিবার, ২১ জুন, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে পাথরের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিতে পাথরের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। ট্রাকটিতে আনুমানিক ১০ টন পাথরও ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় আটক করা হয় মো. মাহফুজুর রহমান (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত ট্রাক ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে