রাউজানের হত্যা মামলার আসামি আইয়ুব বাঘাইছড়ি থেকে আটক
রবিবার, ২১ জুন, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজানে আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মোঃ আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর একটি দল রবিবার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার এলাকার হাজি পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় তিনি স্থানীয় শাহা আলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
আটক মোঃ আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে। তিনি রাউজান থানায় দায়ের করা যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ রাকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-৭ এর একটি দল বাঘাইছড়ি থেকে একজনকে আটক করেছে।
এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল ফারুকও আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আইয়ুব হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জুন চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি রাঙুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১২২ বার পড়া হয়েছে