ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন জামালপুরের আর্জেন্টিনার সমর্থক!
শনিবার, ২০ জুন, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক চ্যালেঞ্জ রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করে রীতিমতো সাড়া ফেলেছেন জামালপুরের এক আর্জেন্টিনা সমর্থক। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া এলাকার এই ব্যতিক্রমী ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ জুম্মান (২৩) দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা আর সমর্থকদের বন্ধুত্বপূর্ণ রসায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ঘোষণা দেন ফয়সাল। তিনি লিখেছিলেন, হাইতির বিপক্ষে ম্যাচে যদি চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল জয়ী হয়, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করে পুরো এলাকায় ঘুরবেন।
এরপর শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। খেলা শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে নেমে পড়েন এই আর্জেন্টিনা ভক্ত। তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই স্থানীয় সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন। এ সময় এই ব্যতিক্রমী কাণ্ড দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ ভিড় জমান।
মুহূর্তের মধ্যেই ফয়সালের মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবল নিয়ে সমর্থকদের মধ্যে এমন রসাত্মক ও বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা সত্যিই উপভোগ্য এবং এটি এলাকায় ব্যাপক বিনোদনের খোরাক জুগিয়েছে।
নিজের প্রতিশ্রুতি রক্ষা করা প্রসঙ্গে ফয়সাল আহমেদ জুম্মান জানান, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম এবং তিনি মজা করেই এই চ্যালেঞ্জটি দিয়েছিলেন। যেহেতু ব্রাজিল জয়লাভ করেছে, তাই নিজের কথা রাখতেই তিনি মাথা ন্যাড়া করেছেন।
১২০ বার পড়া হয়েছে