কুমিল্লায় চাকরি মেলা: সরাসরি নিয়োগ ও ক্যারিয়ার গাইডলাইনের সুযোগ
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাকরি প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি ও উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক জমকালো চাকরি মেলা। পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের রেইজ প্রকল্প এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ মেলায় অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান।
আজ ১৭ জুন (বুধবার) কুমিল্লা কান্দিরপাড়স্থ টাউন হল ময়দানে চাকরি মেলাটি অনুষ্ঠিত হয়। ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’-এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইছহাক। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্বে অংশ নেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি ডাঃ এ কে এম আব্দুছ সেলিম।
মেলায় দেশের বিভিন্ন খাতের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে চাকরি প্রার্থীরা সরাসরি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, সিভি জমা এবং তাৎক্ষণিক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান।
মেলার অন্যতম আকর্ষণ ছিল অভিজ্ঞ পেশাজীবীদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা, যেখানে তরুণরা চাকরি প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে দক্ষ ও যোগ্য বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
১২৪ বার পড়া হয়েছে