গাইবান্ধায় রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বুধবার, ১০ জুন, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকা এবং সদর উপজেলার মোল্লার বাজার-ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নলডাঙ্গা রেলস্টেশন ও ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত ৫০টির বেশি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানঘর ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। একই দিনে গাইবান্ধা সদর উপজেলার মোল্লার বাজার-ভেড়ামারা ব্রিজ এলাকার রেলওয়ের জমিতেও উচ্ছেদ অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও ব্যবসায়ী রেলওয়ের জমি দখল করে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উচ্ছেদ অভিযানের আগে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার লিখিত নোটিশ প্রদান, মৌখিক সতর্কতা এবং মাইকিংয়ের মাধ্যমে স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তবে তারা নির্দেশনা অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রেলওয়ে পুলিশ, সাদুল্লাপুর থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, ফিল্ড কানুনগো মো. ফোরকানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক জানান, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বারবার সতর্ক করার পরও দখলদাররা জমি ছাড়েননি, ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে অভিযান সম্পন্ন হয়েছে। রেলওয়ের জমি রক্ষা এবং নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং অবৈধ দখলমুক্ত রাখতে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
১২০ বার পড়া হয়েছে