নাটোর সদর হাসপাতালে শিশু রোগীর মাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ
বুধবার, ১০ জুন, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোর সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর মাকে ধর্ষণ ও পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার গুরুতর অভিযোগ উঠেছে হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী নারী তার অসুস্থ শিশুকে নিয়ে গত চার দিন আগে নাটোর পৌরসভার বড়গাছা এলাকা থেকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতালের এক আউটসোর্সিং সুইপার তাকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের ছয়তলার সিঁড়িঘরে নিয়ে যান।
সেখানে তাকে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। এ সময় আরও দুইজন সহযোগী ঘটনাটির ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স ও ওয়ার্ডবয়রা শিশুটিকে একা অবস্থায় দেখতে পান এবং তার মাকে খুঁজতে শুরু করেন। পরে আনসার সদস্যদের সহযোগিতায় হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হয়।
সিসিটিভি ফুটেজের সহায়তায় ছয়তলার সিঁড়িঘরে গিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয় বলে জানা গেছে। পরে তাদের হাসপাতালে আনা হয় এবং আনসার সদস্যরা ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান থাকবে
১৮০ বার পড়া হয়েছে